
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব-দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি ১০০ জন উপকারভোগীকে ২ হাজার করে নগদ টাকা এবং ৩০০ জনের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন।
এ সময় প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা তুলে দিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজ যাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে তারা ছাড়াও যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের তালিকা করে পর্যায়ক্রমে সবাই সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির সহধর্মিণী শরিফা করিম স্বর্ণা, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা 







