
কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক কালবৈশাখী ঘূর্ণিঝড়ের তান্ডবে এক ব্যক্তি নিহত ও একজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঝড়ের তান্ডবে নদীর ঘাটে থাকা ১২টি নৌকা ভেঙে চুরমার হয়ে পাশ্ববর্তী ভূট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখা গেছে।
শনিবার(১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া নৌকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিন্টু মিয়া(৫০)। তিনি ইউনিয়নের শাহাবুদ্দিন রহমানের ছেলে। নিখোঁজ ব্যক্তির নাম ফরিদ উদ্দিন(৪৫)। তিনি একই এলাকার এছাহক মেম্বারের ছেলে বলে জানা গেছে।
ঝড়ের সময় প্রচুর শিলা বৃষ্টি হওয়ায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নে ভূট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হলে মিন্টু মিয়া ও ফরিদ উদ্দিন গাজিরপাড়া নৌকা ঘাট এলাকায় নৌকা বাঁধতে যান। এ সময় প্রবল ঝড়ো হাওয়া ও নদীর উত্তাল পরিস্থিতির মধ্যে তারা দুর্ঘটনার শিকার হয়। ঝড়ের তান্ডবে ঘাটে থাকা প্রায় ১২টি নৌকা ভেঙে পাশ্ববর্তী ভূট্টা ক্ষেতে উঠে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তারা আরো জানায়, ঝড়ের সময় মিন্টু মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে বাড়িতেই তিনি মৃত্যু বরণ করেন। অপরদিকে ঝড়ের সময় ফরিদ উদ্দিন নদীতে নিখোঁজ হয়ে যান।
নিখোঁজ ফরিদ উদ্দিনকে উদ্ধারের জন্য রবিববার (১৫ মার্চ) সকাল থেকে স্থানীয় লোকজন নদীতে অভিযান চালিয়ে যাচ্ছেন। বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 



















