
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩শ’ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগষ্ট) আনুমানিক রাত ২টা ৪৫ মিনিটে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দোয়ারপাল মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের নির্জন স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। পরে প্যাকেটের ভেতর থেকে ৩শ’ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় মাদকদ্রব্যের কোনো মালিক বা পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, জব্দ করা ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

Reporter Name 


















