
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল-এর প্রতিনিধি মো. শাহজাহান সোহেলকে সভাপতি এবং যমুনা টিভি-র জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সভার কার্যক্রম চলে। সভা শেষে সকলের সম্মতিতে আগামী দুই বছরের জন্য এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (দৈনিক করতোয়া), সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির (একাত্তর টিভি, দৈনিক কালবেলা ও দৈনিক আজকের জনগণ), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের ডাক) এবং অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক ডেসটিনি ও জনসংকেত)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—তাজুল ইসলাম রেজা (দৈনিক ইত্তেফাক ও বিডিনিউজ), খোরশেদ আলম (দৈনিক সংবাদ ও দৈনিক ঘাঘট) এবং ছোলায়মান সরকার (দৈনিক যুগান্তর)।
সাধারণ পরিষদের সদস্যরা হলেন—আবদুল জব্বার আকন্দ (সাতমাথা), এস এম আসাদুজ্জামান (আমার দেশ), নয়ন কুমার সাহা (প্রভাতের আলো), সাইদুর রহমান (নিউজ ডটনেট), আব্দুল কাফি সরকার (ক্যাম্পাস টাইমস) ও শামিম সর্দার (নয়া দিগন্ত)।
সাধারণ সভায় বিদায়ী কমিটির গত দুই বছরের কার্যক্রম ও ক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালেও দুই বছর মেয়াদি কমিটিতে শাহজাহান সোহেল সভাপতি ও জিল্লুর রহমান পলাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। জিল্লুর রহমান পলাশ যমুনা টিভির পাশাপাশি বাংলা ট্রিবিউনের গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত।
গাইবান্ধা জেলার পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাদুল্লাপুরের সাংবাদিকরা সকল বিভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে সংগঠনটি পুনর্গঠন করেন। বর্তমানে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব পাশে এর কার্যালয় অবস্থিত।
নতুন এই কমিটির সকল সদস্যকে দৈনিক আজকের জনগণ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

Reporter Name 






















