
স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে নিহত ৫ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চেক প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ সময় তিনি বলেন, “নিহতদের পরিবারের এই ক্ষতি অপূরণীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় দুর্গত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। জলাতঙ্ক রোধে এবং বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনের বিষয়েও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে নিহত পাঁচ পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, সতিরজান ও কঞ্চিবাড়ী গ্রামে একটি পাগলা কুকুর আচমকা তাণ্ডব চালিয়ে অন্তত ২১ জনকে কামড়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়ভাবে ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও জলাতঙ্কে আক্রান্ত হয়ে একে একে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-নন্দ রানী, রতনেশ্বর কুমার, মো. ফুল মিয়া, মোছা. আফরোজা বেগম ও মোছা. সুলতানা বেগম। একই ঘটনায় বাকি আক্রান্ত ও আহতরা এখনও চরম জলাতঙ্ক ও মৃত্যু-আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা দ্রুত এলাকায় কার্যকর কুকুর নিধন বা ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন।

Reporter Name 



















