
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীরা গাইবান্ধার পলাশবাড়ীর গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নটর ডেম কলেজে সদ্য ভর্তিকৃত কৃতি শিক্ষার্থী রিদওয়ান সরকার, শাহরিয়া সাফিন, শীতল আরব, মো. ফারহান মন্ডল লাবিব, মো. ফারদিন মন্ডল লামিম ও মো. আরহাম কবিরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফলের পর নটর ডেম কলেজের প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া জানান অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, “তোমাদের এই সাফল্যের পেছনে নিজস্ব কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাসহ সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” নতুন ক্যাম্পাসের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে উন্নত পড়াশোনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীরাও তাদের এই ধারাবাহিক সাফল্যের পেছনে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের অবদান ও নির্দেশনার কথা স্মরণ করে অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
শিক্ষক-শিক্ষার্থীর এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি প্রতিষ্ঠানের কনিষ্ঠ শিক্ষার্থীদেরও ভবিষ্যতে এমন বড় অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Reporter Name 























