
বিশেষ সংবাদদাতা (সুন্দরগঞ্জ)ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মো. ইলিয়াস হোসেন নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইলিয়াস হোসেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত মো. আবদুল ব্যাপারীর ছেলে ও ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক।
নিয়তের স্বজনরা জানান রাত সাড়ে ১১ টার দিকে ইলিয়াস তার খামারে যাওয়ার সময় প্রতিবেশী মো. আবদুল জলিল মিয়ার বসতবাড়ির কাছে পৌঁছলে তাঁর উপর অতর্কিত হামলা চালায় যুবলীগ নেতা মো. সুমন মিয়া, মো. জুবায়ের হোসেন ও মো. সাজু মিয়া। এতে গুরুতর আহত হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় নিহত ইলিয়াস হোসেন আহত হওয়ার পরে ওই ৩ ব্যাক্তির কথা বলেছেন।
স্থানীয়রা সূত্রে জানা যায়, সম্প্রতি কোন এক শুক্রবারে মসজিদে জুমার নামাজের পরে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে মো. সুমন মিয়ার বাবা মো. মজিবর রহমানকে চড়থাপ্পড় মারেন ইলিয়াস হোসেন। পরবর্তীতে বিষয়টি বড় আকার ধারণ করে। এরপর বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে সালিসি বৈঠকে মিমাংসাও হয়। এরই জেরে এ মারামারির ঘটনা হতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

Reporter Name 














