
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দা হাতে হামলা চালিয়ে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্ত্রীর বিরুদ্ধে। দা নিয়ে তেড়ে আসায় এ সুযোগে আসামি পালিয়ে গেলেও পরবর্তীতে আবারও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সৌয়া ৬টার দিকে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
অভিযোগ রয়েছে, এ সময় তার স্ত্রী জনি বেগম দা হাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আসামিকে আটক করেও নিরাপত্তাজনিত কারণে ছাড়তে বাধ্য হন।
পুলিশের আরেকটি সূত্রের বরাতে জানা যায়, এ ঘটনার আগেও আরো দু-তিনটি অভিযানে গেলে পুলিশের প্রতি তারা মারমুখী হয়ে উঠে আসামীপক্ষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুল মান্নানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অপরদিকে, জনি বেগমের বিরুদ্ধেও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এস কে জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একাধিক স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি শেষে গত ২৪ এপ্রিল ভুনবীর চৌমুহনী এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে পুলিশের ওপর হামলাকারী জনি বেগমকে পুলিশ নতুন করে একটি মামলা দায়ের করায় তার বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়। জনি বেগম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Reporter Name 


















