
নওগাঁ প্রতিনিধি: গ্যাস সংকট, দীর্ঘ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে—এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জোটের শীর্ষ নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন। তিনি স্মারকলিপিটি গ্রহণ করে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়ার কথা জানান।
স্মারকলিপিতে বলা হয়, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো তীব্র অর্থনৈতিক চাপে রয়েছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় শিল্প-কারখানা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায়ের অভিযোগেও জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
এছাড়া চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ, মাংস ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে এই পরিস্থিতির জন্য বাজার সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দায়ী করা হয়েছে।
১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবিসমূহ হলো :
১। গ্যাস সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা।
২। ভয়াবহ লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩। বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা।
৪। ভূতুড়ে বিল আদায় বন্ধ করা ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দ্রুত প্রতিকার দেওয়া।
৫। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জোরালো বাজার তদারকি নিশ্চিত করা।
৬। বাজার সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
৭।জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কার্যকর ও জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা।
এসময় নওগাঁ জেলা জামাতের সেক্রেটারি আ স ম সায়েম, আমার বাংলাদেশ পার্টির জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমান, এমসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, এলডিপির জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেন শাহ, জাগপার জেলা কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান, জেলা জামাতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, নওগাঁ সদর উপজেলা জামাতের আমির আব্দুর রহিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Reporter Name 






















