
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলাযর একটি পুকুর পাড় থেকে মোঃ ইয়াকুব আলী (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার কলাবাড়ী গ্রামের মোঃ হযরত আলীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। রৌমারী থানার এসআই মোঃ তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াকুব আলী শেরপুর জেলার নকলা থানার ধানসিঁড়ি/মাদারপুর গ্রামের বাসিন্দা। প্রায় ২০-২২ বছর আগে তিনি কুড়িগ্রামের নয়ারহাট ইউনিয়নের ফেইসকের চর গ্রামের মোছাঃ লাকি বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন।
গত ৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ঢাকায় কাজ শেষে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তবে ব্রহ্মপুত্র নদে নৌকা না পাওয়ায় তিনি শ্বশুর মোঃ শের আলীর কলাবাড়ী গ্রামের বাড়িতে অবস্থান নেন এবং সেখানেই রাতযাপন করেন। রাত ১০টার দিকে খাবার শেষে ঘুমিয়ে পড়লেও পরবর্তীতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।
পরদিন ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের মালিকের পুত্রবধূ মোছাঃ রোকসানা খাতুন হাঁস ছাড়তে গিয়ে পুকুর পাড়ে ইয়াকুব আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে জড়ো হয়। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে নিহতের স্ত্রী, শ্যালকসহ স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকাহত হয়ে পড়েন।
স্থানীয়দের মতে, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় কোনো আসামি বা অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
ঘটনাস্থল পরিদর্শন করেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী।

Reporter Name 


















