
সংগঠনের ঐক্য, সংহতি ও সুনাম ক্ষুণ্ণ করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বাইজিদ বোস্তামি জিমের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ই মার্চ, ২০২৬) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬.৪.৯ অনুযায়ী শৃঙ্খলাবিরোধী ও সুনাম ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্রের ধারা ৬.৬.২ মোতাবেক কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সদস্য পদ স্থগিত থাকবে।
আনিত অভিযোগের ভিত্তিতে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি। কমিটির উপ-প্রধান হিসেবে নাঈম আবেদীন এবং সদস্য হিসেবে রয়েছেন আল মেহরাজ শাহরীয়ার মিথুন।
এই তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Reporter Name 







