
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার বাদী অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি নিজ জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সাথে জড়িত। গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎ মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে তাঁর মান-সম্মান ক্ষুণ্ন করেছেন। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।”
বাদীপক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন এবং টুকু নিজেও দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম। আমির হামজা তাঁকে আপাদমস্তক নাস্তিক বলায় তাঁর চরম সম্মানহানি হয়েছে, যাতে সিরাজগঞ্জবাসীসহ সারাদেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত। এ কারণে বাদীর পক্ষে তথ্য-উপাত্তসহ মামলাটি আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং আজকের মধ্যেই আদেশ প্রদান করবেন।
এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার এমন কুরুচিপূর্ণ ও নির্লজ্জ বক্তব্যে সিরাজগঞ্জ জেলার আইনজীবীরা চরম ক্ষুব্ধ ও মর্মাহত। তাঁরা আমির হামজার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সরকারের কাছে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Reporter Name 







