
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে প্রবাসী মিজবাহুর রহমানের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ-মাওলানা ভাসানী সেতু সড়কে ফারুকের মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগীদের মধ্যে মালয়েশিয়া প্রবাসী মিজবাহুর রহমান, গ্রামবাসি শামছুল হক, লাভলু মিয়া, মুকুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মালয়েশিয়া প্রবাসী মিজবাহুর রহমানের প্রতিবেশী ছায়েদ আলী, মনজু মিয়া, শাহ আলম, সাহাবুদ্দিনসহ তাদের স্বজন ও সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এই রাস্তা বন্ধ হওয়ার কারণে প্রায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিকল্পভাবে চলাচলের রাস্তা না থাকায় ওইসব পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়া, বাজারঘাট যেতে না পারায় শতাধিক মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। সেইসাথে প্রবাসী মিজবাহুর রহমানের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ফলে পরিবারসহ তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Reporter Name 






