
আফতাব হোসেন, গাইবান্ধা:
গাইবান্ধার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অতীতে কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মধ্যে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দিয়ে ব্যাপক উন্নয়ন করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘গাইবান্ধার সমস্যাগুলো নিয়ে এতদিন শুধু আলোচনাই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। নদীবেষ্টিত এই জেলার ভৌগোলিক অবস্থানকে অনেকে সমস্যা মনে করলেও, এটি মূলত সৃষ্টিকর্তার আশীর্বাদ। সঠিক পরিকল্পনা নিলে এই নদীই হবে জেলার উন্নয়নের চাবিকাঠি।’’
তিনি আরও বলেন, গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ করতে এবং জেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রাথী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-২ আসনের প্রার্থী মো. আব্দুর করিম, গাইবান্ধা-৫ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-১ আসনের প্রাথী অধ্যাপক মাজেদুর রহমান।

Reporter Name 












