
ডেস্ক রিপোর্টঃ জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই মহাতারকার।
বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতেও থাকছে বিশেষ নকশা। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জার্সিটির প্রথম ঝলক দেখিয়েছেন মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি।’
আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি রঙের জার্সিতে এবার থাকছে সাদা স্ট্রাইপ ও সোনালি রঙের ছোঁয়া। পেছনে সোনালি রঙে লেখা থাকবে মেসির নাম ও জার্সি নম্বর। পাশাপাশি উঁচু-নিচু নকশায় ফুটিয়ে তোলা হবে আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। তবে এই তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতেই মেসির মাঠে নামার কথা রয়েছে।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন মেসি। জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। এবার সেই আকাশি-সাদা জার্সিতেই শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন মহাতারকা।

Reporter Name 























