
রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন অর রশিদের বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে এবং বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও মব তৈরির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় পাকড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের সাবেক সভাপতিবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, কয়েকদিন আগে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একটি বিরোধের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির শিক্ষার্থী নয়নকে প্রধান শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, একটি রাজনৈতিক দলের নাম ব্যবহারকারী একটি গ্রুপ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে অবৈধভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে। সেই চেষ্টা সফল না হওয়ায় তারা প্রধান শিক্ষককে বিভিন্নভাবে হুমকি দেয় এবং তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন বক্তারা। তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন ও মানববন্ধন করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, কয়েকদিন আগে অনুষ্ঠিত আরেকটি মানববন্ধনে দাবি করা হয়েছিল যে, মারধরের পর শিক্ষার্থী নয়ন হাসপাতালে ভর্তি ছিল। তবে নয়নের সঙ্গে কথা বললে সে জানায়, তাকে মারধর করা হলেও হাসপাতালে ভর্তি হতে হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোজাম্মের সরকার, অভিভাবক কমিটির সভাপতি কাজী আশরাফুল ইসলামসহ অন্যান্য বক্তারা। তারা বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

Reporter Name 




















