
নওগাঁ প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা ও আবেগঘন বিদায়ে সিক্ত হলেন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক মো. আব্দুল বারী। শেষ কর্মদিবসকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থী ও শিক্ষককে চোখের পানি মুছতে দেখা যায়।
মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত অবসরজনিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা প্রধান শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তারিক ইকবাল। এসময় প্রিয় শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।
মরিয়ম ও জতিরময় নামে দুই শিক্ষার্থী বলেন, শুধু পাঠদান নয়, একজন অভিভাবকের মতোই তাঁদের আগলে রেখেছেন প্রধান শিক্ষক। তাঁর স্নেহ, শাসন ও পরামর্শ তাঁদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদায়ের মুহূর্তে প্রিয় শিক্ষককে হারানোর কষ্টে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।
সহকারী শিক্ষক নাজমা পারভিন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ উন্নয়নে প্রধান শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও আন্তরিকতা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল বারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, কর্মজীবনের শেষ দিনে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের এমন ভালোবাসা তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। বিদ্যালয়ের সঙ্গে কাটানো দিনগুলো এবং শিক্ষার্থীদের ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন।
অনুষ্ঠানের শেষদিকে শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় দেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Reporter Name 


















