
নওগাঁ সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে নানার সঙ্গে পটল ক্ষেত দেখতে গিয়ে বিষধর সাপে কেটে তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ( ৩ মে ) বিকেলে উপজেলার আধাইপুর ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম উপজেলার সোহাসা গ্রামের প্রবাসী রাসেলের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তামিম তার নানার সঙ্গে আধাইপুর এলাকায় পটল ক্ষেত দেখতে যায়। সেখানে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামিমের নানা আনিসুর রহমান জানান, তামিম আমার সাথে পটল ক্ষেতে গিয়ে সেখানে খেলছিলো। আমি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ করেই চিৎকার করে ওঠে। পরে জানতে পারি তাকে সাপে কামড় দিয়েছে। আমরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দা মোস্তাকিম জানান,তামিম অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয়। সে প্রবাসী বাবার একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন বলেন, সাপের কামড়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Reporter Name 

















