
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘সচেতন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে স্থানীয় উত্তর গিদারী রেজিয়া মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল ওয়াহেদ বাবলুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রশিদ সরকার, হাফেজ মো. খায়রুল ইসলাম, ফয়জার রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “প্রধান শিক্ষক বেলুছুর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেই বেতন-ভাতা উত্তোলন করছেন এবং গাইবান্ধা শহরে বসেই হাজিরা খাতায় স্বাক্ষর করেন।” বক্তারা আরও অভিযোগ করেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান বক্তারা।

Reporter Name 
























