
নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ফল প্রকাশের এক মাসের মধ্যেই শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এবার এমন শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় আমরা প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছি, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হবে, তাদের জন্য দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কেউ অকৃতকার্য হলে পরবর্তী বছর নিয়মিত পরীক্ষার সময় পুনরায় অংশ নিতে হতো। ফলে মাত্র এক বা দুই বিষয়ে খারাপ করলেও শিক্ষার্থীদের একটি বছর অপেক্ষা করতে হতো, যা তাদের শিক্ষাজীবনে সেশনজটের ঝুঁকি তৈরির পাশাপাশি তীব্র মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াত।
শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে এবং তারা দ্রুত ফল উন্নয়ন করে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ গ্রহণ করতে পারবেন।

Reporter Name 






















