
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক বলেছেন, কর্মীরহাতকে আরও শক্তিশালী করে আগামীদিনে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে।
বৃহস্পতিবার (৭ মে) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কর্মীরহাত’ এর আয়োজনে ‘আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’র প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কর্মীরহাতের কার্যক্রমে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিধপ্তরের উপ পরিচালক মো. ইমাম হাসিম ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কর্মীরহাতের সহ-ভাপতি এটিএম ফরহাদ হোসেন বিজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফজলুর করিম, সহ-সভাপতি রকিবুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর কবির বাদল, সদস্য জাহিদুল হক লিটন, প্রশিক্ষণার্থী লিজু আকতার ও সুরাইয়া আকতার সিনথিয়া।
আয়োজকরা জানান, আমেরিকা প্রবাসীদের সংগঠন ফোরাম ৮৬ এর সহযোগিতায় গত চার বছর ধরে এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।বিবাহযোগ্য, স্বামী পরিত্যাক্তা নারীদের স্বামলম্বী করে গড়ে তুলতে তাদেরকে চারমাসব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। বছরে দুটি ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপ্ত করেন। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, সনদপত্র ও মূলধন প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাত তাদের নানা সামাজিক কর্মকাণ্ড দিয়ে নিজেদের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরেন। গত ১২ বছর ধরে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি যৌতুক বিরোধী কর্মসূচির আওতায় বিবাহযোগ্য নারীদের আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে।

Reporter Name 









