
প্রতিনিধি গাইবান্ধা:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে) প্রদর্শনীতে অসামান্য সাফল্য অর্জন করেছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে গণ উন্নয়ন কেন্দ্রের আওতাধীন তিনটি বিদ্যালয়-কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়, বীর প্রতীক তারামন বিবি আনন্দলোক বিদ্যালয় এবং সাহিত্যিক দৌলতন্নেছা খাতুন আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতাপূর্ণ এই আয়োজনের কুচকাওয়াজ পর্বে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে তৃতীয় স্থান অধিকার করেছে বীরপ্রতীক তারামন বিবি আনন্দলোক বিদ্যালয়।
অন্যদিকে, দৃষ্টিনন্দন ও বর্ণিল ডিসপ্লে প্রদর্শন করে কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয় দ্বিতীয় এবং সাহিত্যিক দৌলতন্নেছা খাতুন আনন্দলোক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জনের গৌরব লাভ করে।
অনুষ্ঠানে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দিন-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শিক্ষার্থীদের এমন অসামান্য সাফল্যে বিদ্যালয়গুলোর শিক্ষক, অভিভাবক ও গণ উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Reporter Name 
























