
আসাদুজ্জামান রুবেল,পলাশবাড়ী
পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনী এলাকায় শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। তবে ভোটের উত্তাপের পাশাপাশি উঠে আসছে এই জনপদের দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার চিত্র। এখানকার ভোটারদের সাফ কথা-পেশিশক্তি বা অর্থের জোর নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য ও গণমানুষের নেতাই হবেন আগামী দিনের সংসদ সদস্য।
জনদাবি ও স্থানীয় সমস্যা গ্রামীণ জনপদ নির্ভর এই দুই উপজেলায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এখানে ছোট-বড় শিল্প-কলকারখানা স্থাপন করা হোক। বিশেষ করে বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মমুখী প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থার অভাব প্রকট।
স্বাস্থ্যখাতেও রয়েছে ভোগান্তি। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট নিত্যদিনের ঘটনা। এছাড়া মহাসড়ক সংলগ্ন হওয়ায় পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই স্থানীয়দের প্রাণের দাবি, এখানে দ্রু একটি উন্নতমানের ট্রমা সেন্টার স্থাপন করা হোক।
অন্যদিকে, যোগাযোগ ব্যবস্থায় বেহাল দশা ও অপরিকল্পিত উন্নয়নের ফলে কৃষি জমি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। কৃষিপ্রধান অঞ্চল হওয়া সত্ত্বেও কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ ভোটারদের প্রত্যাশা, জবাবদিহিতার মাধ্যমে সরকারি সেবা ও উন্নয়নের সুফল যেন সরাসরি জনগণের পকেটে পৌঁছায়।
ভোটের পরিসংখ্যান গাইবান্ধা-৩ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ৯ জন।
এবারের নির্বাচনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ২৭ হাজার ৯০৫ জন। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় ১১ হাজার ১৪০ জন ও সাদুল্লাপুর উপজেলায় ১৬ হাজার ৭৬৫ জন নতুন ভোটার বেড়েছে। আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৬টি এবং ভোটকক্ষ থাকবে ৯৫৮টি।
মনোনয়ন যাচাই-বাছাই ও উচ্চ আদালতের আদেশে গাইবান্ধা-৩ আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। তারা হলেন বিএনপি’র অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এ টি এম আওলাদ হোসাইন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মোছাদ্দিকুল ইসলাম, গণঅধিকার পরিষদ এর সুরুজ মিয়া, স্বতন্ত্র থেকে এস এম খাদেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান বিএসসি।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তÍতি নেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তÍতি গ্রহণ করা হয়েছে।

Reporter Name 







