
গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ সিবিওতে-এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ (জিইউকে)-এর বাস্তবায়নাধীন এবং স্ট্রমী ফাউন্ডেশন -এর সহায়তায় পরিচালিত সীডস (প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় এসআরজি ও সিবিও-র সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরিবারের পর্যায় থেকে প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের ঘর ও পরিবার থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করতে পারলে পুরো সমাজ ও দেশ দুর্যোগ সহনশীল হয়ে উঠবে। দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
কর্মসূচিতে সিবিও এবং এসআরজি-র বিপুল সংখ্যক নারী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















