
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের সঙ্গে তাঁর প্রতিবেশী জিহাদ আকন্দ ও তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমি এবং সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জিহাদ আকন্দ লোকজন নিয়ে বিরোধপূর্ণ স্থানে সীমানা প্রাচীর দিতে যান। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণের আগে নির্মাণকাজ না করার অনুরোধ জানিয়ে বাধা দেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিহাদ আকন্দ ও তাঁর লোকজন জহুরুল ইসলামের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 
























