
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগষ্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।
পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামে রায়হানুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে রায়হানুল ইসলাম ও সুবল চন্দ্রকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি কালো রঙের সাইড ব্যাগ থেকে ৫শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘোড়াঘাট থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দেখিয়ে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Reporter Name 


















