
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন। তিনি বলেছেন, “বিএনপি ছাড়া আপনাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। ধানের শীষ ছাড়া আপনাদের যথাযথ মূল্যায়ন আর কে করবে? আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
মঙ্গল ও বুধবার (৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এবং বুধবার শহরের এম সা
ইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এই সভাগুলোতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হিন্দু নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ভাবনার ভূয়সী প্রশংসা করেন।
সংখ্যালঘু স্বার্থরক্ষা ও রাজনৈতিক প্রতিশ্রুতি এম নাসের রহমান বলেন, “একসময় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল ১১–১২ শতাংশ, যা এখন কমে ৮–৯ শতাংশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমি আমার নেতা তারেক রহমানের সঙ্গে ‘রিজার্ভ সিট’ বা সংরক্ষিত আসনের বিষয়ে আলোচনা করব। যদি ৮–১০ শতাংশ ভোটার থাকেন, তবে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব ২-৩ জনের বদলে ৮-৯ জন হওয়া উচিত।”
তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ আপনাদের কাঁধে ভর করে শুধুই সুবিধা নিয়েছে, কিন্তু দল হিসেবে আপনারা কিছুই পাননি। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু ধর্মাবলম্বীদের সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আগের চেয়ে বেশি অনুদান দেওয়া হবে।”
তিনি আরও ঘোষণা দেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে, ইমাম-মুয়াজ্জিনদের মতো হিন্দু পুরোহিতদের জন্যও মাসিক ভাতা, দুর্গাপূজায় বোনাস এবং সরকারি গ্রেডের মর্যাদা দেওয়া হবে। খ্রিস্টান যাজকরাও একই সুবিধা পাবেন।”
নির্বাচনী প্রেক্ষাপট ও জামায়াত প্রসঙ্গ নিজের নির্বাচনী এলাকার পরিসংখ্যান তুলে ধরে এম নাসের রহমান বলেন, “আমার এলাকায় মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার। এর মধ্যে প্রায় ৯২ হাজার হিন্দু ভোটার এবং ৪০ হাজার চা-শ্রমিক। চা-শ্রমিকরা ইতোমধ্যেই আমাকে শতভাগ সমর্থনের আশ্বাস দিয়েছেন।”
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, “এই দল কখনোই বাংলাদেশে ক্ষমতায় আসবে না। আর যদি কোনোভাবে আসে, তবে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। বাংলাদেশ হিন্দু–মুসলমান সম্প্রীতির দেশ, এখানে আমরা সবাই সমান নাগরিক।” বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি বলেন, “২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের দিন শেষ। এবার ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।”
উপস্থিত নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশের সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রূপক দেবের সঞ্চালনায় বুধবারের সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, অ্যাডভোকেট রুনুকান্ত দত্ত, শ্যামলী সূত্রধর, স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ।
এর আগে মঙ্গলবার রাতের সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বকসী মিসবাউর রহমান, আশু রঞ্জন দাশ, অসিত দেব, শ্যামল কান্তি দাশ প্রমুখ। বক্তারা মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন

Reporter Name 
























