
ডেস্ক রিপোর্ট: রেজাউন্নবী রাজু গাইবান্ধার একজন ক্ষুদ্র উদ্যোক্তা। সম্প্রতি তিনি ছোট্ট একটি মেশিন বসিয়ে পেপার প্লেট তৈরী শুরু করেছেন। কিন্তু তিনি শুরুতেই এক ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারকের খপ্পরে পড়ে দেড় লক্ষ টাকা খুইয়েছেন।
এই পেপার প্লেট তৈরির কাগজ আসে ঢাকা থেকে। রেজাউন্নবী রাজু প্লেটের পেপারের জন্য ঢাকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখেন। এই সুত্র ধরে কামরাঙির চরের আব্দুল কাশেম ভুঁইয়া ও সাহেরা বেগমের ছেলে বোরহানউদ্দিন ওরফে আকাশ ওরফে কাওসার আহম্মেদ নামের এক কথিত ব্যবসায়ীর ফাঁদে পড়ে যান। ব্যবসায়িক আলাপের এক পর্যায়ে সরল বিশ্বাসে ক্ষুদ্র উদ্যোক্তা রেজাউন্নবী রাজু প্লেটের পেপারের জন্য গত ৯ সেপ্টেম্বর বোরহান উদ্দিনের ব্যাংক একাউন্টে দেড় লক্ষ টাকা পাঠান। পূবালী ব্যাংক, গাইবান্ধা প্রধান শাখা থেকে বোরহানউদ্দিন ওরফে আকাশ ওরফে কাওসার আহম্মেদের কথিত জেবি প্রিন্ট সলিউশন নামে ব্র্যাংক ব্যাংক এলিফেন্ট রোড শাখায় দেড় লক্ষ টাকা আরটিজিএস এর মাধ্যমে পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই তথাকথিত ব্যবসায়ী বোরহান উদ্দিন ওরফে আকাশ যোগাযোগ বন্ধ করে দেন।
তার মোবাইল ফোন নম্বর ০১৮৪৯৯-২৯৪০৪ ও ০১৬৩৬-৬২১৫৩৯। বাড়ির ঠিকানা- হাউস নং ৩৬/৪, রানী মার্কেট, আশরাফবাদ, কামরাঙির চর, ঢাকা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় প্রতারক বোরহান উদ্দিন ওরফে কাওসার আহম্মেদের নামে একটি এজাহার দাখিল করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোবাইল ফোনে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Reporter Name 



















