
ডেস্ক রিপোর্টঃ ব্যালন ডি’অর জিততে কে সবচেয়ে যোগ্য—এ নিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনা এখন তুঙ্গে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনে দেওয়া হবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার। হাতে এখনও দেড় মাসের মতো সময় থাকলেও সম্ভাব্য বিজয়ী নিয়ে শুরু হয়েছে কথার লড়াই।
রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের পর এবার প্রকাশ্যে নিজের দাবিদার হওয়ার কথা জানালেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে তাঁর এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি বার্সার সাবেক তারকা আবেলারদো ফার্নান্দেজ।
মুভিস্টার প্লাসের এক অনুষ্ঠানে ইয়ামাল বলেন, “আমার মনে হয়, আমি যা জিতেছি, তার কারণে এই বছর ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য আমি।” একই সঙ্গে তিনি জানান, তাঁর চোখে বিশ্বসেরা দুই খেলোয়াড় হলেন তিনি নিজে ও কিলিয়ান এমবাপে।
ইয়ামালের এমন আত্মবিশ্বাসী মন্তব্যের পরই সমালোচনায় মুখ খুলেছেন আবেলারদো। সাবেক এই বার্সা ডিফেন্ডার বলেন, “তুমি এটা ভাবতে পার, কিন্তু বলতে পার না। আমি তেমনটা মনে করি না, কারণ এটা তোমাকে খারাপভাবে উপস্থাপন করে।”
আবেলারদোর মতে, ইয়ামাল চাইলে আরও সংযতভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা বলতে পারতেন। তাঁর ভাষায়, “তুমি বলতে পারতে—আমি সম্ভবত শক্তিশালী প্রার্থীদের মধ্যে আছি। কিন্তু তুমি কোনোভাবেই জান না যে, এই পুরস্কার কার হাতে উঠবে।”
ইয়ামালের মন্তব্য কেন পছন্দ হয়নি, সেটি বোঝাতে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির উদাহরণও টেনেছেন আবেলারদো। তিনি বলেন, “লামিনের কথা আমার পছন্দ হয়নি। আমি কখনও মেসিকে এমন কথা বলতে শুনিনি, যে ছিল ফুটবল ঈশ্বর।”
এখন প্রশ্ন একটাই—আত্মবিশ্বাসী ইয়ামাল কি সত্যিই এবার ব্যালন ডি’অর জিতবেন, নাকি পুরস্কার উঠবে অন্য কারও হাতে?

Reporter Name 























