
আজকের জনগণ ডেস্ক: মালয়েশিয়ায় পাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
নড়াইলের জনি ও চট্টগ্রামের মিরসরাইয়ের মোশাররফ হোসেনকে ভালো কাজের প্রলোভনে পাচার করা হয়। দালালের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে নৌপথে প্রথমে থাইল্যান্ডে নেওয়া হয় তাদের। সেখানে চার মাস বন্দিশিবিরে রেখে চালানো হয় নির্যাতন, এমনকি তাদের হাত-পায়ে পচনও ধরে। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। পরে তাদের অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে আরও দুই মাস আটকে রেখে নির্যাতন করা হয়। মুক্তিপণের টাকা দিতে না পারায় গত ২৮ আগষ্ট সন্ধ্যায় পেনাংয়ের একটি রিফিউজি ক্লিনিকের সামনে তাদের ফেলে যায় পাচারকারীরা। ক্লিনিক কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে দূতাবাসের সহায়তায় চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন দুই বাংলাদেশি। এ ঘটনায় থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে সক্রিয় পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।

Reporter Name 



















