
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষাক্ত ওষুধ স্প্রে করে ৪৫ শতক জমির আমন ধান নষ্ট করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক খোরশেদ আলম উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের নসির উদ্দিনের পুত্র।
তিনি জানান, ধার-দেনা করে অনেক কষ্টে ৪৫ শতক জমিতে আমন ধান চাষ করেছিলেন। ধানগুলো বেশ ভালো হয়েছিল, কয়েকদিন পরেই কাটার
কথা ছিল। কিন্তু গত শুক্রবার রাতে কে বা কারা পরিকল্পিতভাবে তার ক্ষেতে বিষাক্ত ওষুধ স্প্রে করে নষ্ট করে দেয়। সকালে জমিতে
গিয়ে দেখেন সব ধান গাছ শুকিয়ে লাল হয়ে গেছে।
খোরশেদ আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ঋণ করে চাষ করছিলাম। এখন সব শেষ। আমি নিঃস্ব হয়ে গেলাম। যারা এই কাজ করছে, তাদের বিচার চাই।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Reporter Name 
















