
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সোহেল রানাকে আদালতের হাজতখানায় এবং তার স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়েছে।
মহানগর দায়রা জজ আদালতের ইনচার্জ রিপন মোল্লা জানান, আসামিদের হাজতখানায় নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পালিয়ে গেলেও একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্ত্রীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছিল।
পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।

Reporter Name 






















