
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাদা রানী (৬৫) নামের এক বৃদ্ধাকে মারধরসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত ছেলে সাদা মিয়ার (৪০) বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এই মা।
সম্প্রতি উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বৃদ্ধা সাদা রানী চকদারিয়া গ্রামের মৃত নুরুজ্জামান প্রামানিকের স্ত্রী
অভিযোগের বিবরণে উল্লেখ করা হয়- নুরুজ্জামান প্রামানিকের ছেলে সাদা মিয়া তার মা সাদা রানীকে অহেতুকভাবে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করে আসছিলেন। এরই একপর্যায়ে ৮ মার্চ সকালের দিকে সাদা মিয়া ও তার স্ত্রী-সন্তান কর্তৃক সাদা রানীর বসতঘর দখলের চেষ্টা করেন। এসময় বাধা দিতে গিয়ে সাদা রানীকে গলাচিপে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় সাদা রানী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী সাদা রানী বলেন, ছেলে সাদা মিয়াসহ তার স্ত্রী সন্তানের হাত থেকে প্রাণে রক্ষা পেয়েছি। এখন সাদা মিয়ারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযুক্ত সাদা মিয়া বলেন, মায়ের সঙ্গে তেমন কোন ঘটনা ঘটেনি। পারিবারিক বিষয়ে একটু ঝামেলা হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 














