
সুন্দরগঞ্জ প্রতিনিধি:
অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রবীন চন্দ্র দেবনাথ। একই সঙ্গে দলটির প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের ঘোষণা দেন।
রবীন চন্দ্র দেবনাথ সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মৃত বিপিন চন্দ্র দেবনাথ ও মৃত মালতী রানীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবীন চন্দ্র দেবনাথ জানান, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তার পক্ষে সাংগঠনিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তিনি সাধারণ সম্পাদক পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, “আজ থেকে আমি সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

Reporter Name 
























