
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. ওবায়দুল হক আরিফ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।
শিক্ষকতা জীবনে পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিক আচরণ এবং জীববিজ্ঞানের মতো জটিল বিষয়কে সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপনের কারণে তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানান।
সহকর্মীরা আশা প্রকাশ করে বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি পেরিয়ে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রেখে গোবিন্দগঞ্জের সুনাম বয়ে আনবেন।
এদিকে মো. ওবায়দুল হক আরিফ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে-এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

Reporter Name 
























