
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার বলেছেন, নির্বাচিত হলে তিনি মানুষের সেবক হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার সকল সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করবেন। তিনি দলের ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি মেনে দেশের পাশাপাশি এলাকার উন্নয়নে সবসময় সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার (২১ জানুয়ারি) বাদ আসর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. আব্দুর রহিম সরকার তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রংপুর চিনিকল পুনরায় চালু, রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (রংপুর ইপিজেড) নির্মাণ কাজ শুরু এবং কোচাশহর হোসিয়ারি শিল্পনগরী প্রতিষ্ঠাসহ ছোট-বড় সকল নাগরিক সমস্যা সমাধানে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।
গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আযাদ, সহ-সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু ও মশিউর রহমান এবং প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

Reporter Name 
























