
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার বিশেষ অভিযানে গত এক মাসে উদ্ধার হওয়া ৬৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত এই মোবাইলগুলো মূল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকেই জেলা পুলিশের প্রতি সন্তোষ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ভুক্তভোগীরা। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখার একটি বিশেষ টিম প্রযুক্তিগত তদন্ত ও নিবিড় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে এই ৬৬টি মোবাইল ফোন সনাক্ত এবং উদ্ধার করতে সক্ষম হয়।
মোবাইল হস্তান্তরকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এতে মানুষের অনেক প্রয়োজনীয় তথ্য ও স্মৃতি সংরক্ষিত থাকে। উদ্ধার হওয়া মোবাইলগুলো তাদের প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হারানো সামগ্রী উদ্ধারে সর্বদা তৎপর রয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Reporter Name 























