
পলাশবাড়ী প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ি হাটে এই কর্মসূচি পালিত হয়। এ ঘটনায় কালীবাড়ি মুরগি হাট এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে এবং ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শাহজাহান সরকার। সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মুন্সি, পলাশবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সহ-সভাপতি জয়নাল মাষ্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল সরকার, বিশিষ্ট মসলা ব্যবসায়ী আব্দুল হান্নান, ব্যবসায়ী সুমন এবং ইজারাদারদের পক্ষে সোলাইমান প্রমুখ।
সমাবেশে বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এর আগে, ব্যবসায়ীরা প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন এবং অপরাধীদের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে কালীবাড়ি মুরগি হাটিতে খাঁচা রাখা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর দুই ছেলে মুরগি ব্যবসায়ী সুমন ও মিলনের সাথে পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের আব্দুল হকের ছেলে রেজাউলের বাকবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সুমন ও মিলন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রেজাউলের পেটে ও মাথায় আঘাত করে।
আকস্মিক হামলায় রেজাউল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ব্যবসায়ী রেজাউল মিয়া মুমূর্ষু অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Reporter Name 












