
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদগামী বিষামনি এলাকার একটি লেবু বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করে। এয়ারগানগুলি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ছিল বলে জানা গেছে।
পৃথক অভিযানে রাত পৌনে ১টার দিকে রাজনগর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের কাটাজুড়ি গ্রামে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি কলা বাগানে তল্লাশি চালিয়ে একইভাবে পরিত্যক্ত অবস্থায় আরও ২টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় র্যাব-৯।
উদ্ধারকৃত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া এয়ারগানগুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে মৌলভীবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে র্যাব-৯ সর্বমোট ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৬,৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১১৮টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানায় বাহিনীটি।
রবিবার (৮ই ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মৌলভীবাজার প্রতিনিধি: 









