
নওগাঁ প্রতিনিধি: গরুর বাছুর প্রতিবেশীর খড় খাওয়ার জেরে নওগাঁর মান্দায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী ও ভাইও হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন তার স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুল ইসলামের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ উত্তপ্ত হয়ে উঠলে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুল ইসলামের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের মারধরে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।
শহিদুলকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও মারধরের শিকার হন। এতে তারা আহত হন। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট এ বিরোধের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Reporter Name 



















