
গাইবান্ধা প্রতিনিধি
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় অনলাইন নিউজ পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে জেলা শহরের ‘দেশী ভোঁজ’ কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম। এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি জাহিদ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক গোবিন্দ লাল দাস।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম বলেন, “গণমাধ্যম আছে বলেই স্বাধীনতা টিকে আছে। গণমাধ্যম আছে বলেই আমরা কথা বলার ও মত প্রকাশের সুযোগ পাচ্ছি। সত্য প্রকাশে এশিয়া পোস্ট সাহসী ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা করি।”
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা। বক্তারা নতুন এই সংবাদ মাধ্যমটির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম (করতোয়া), প্রতীক ওমর (মানবজমিন), জোবায়ের আলী (সংগ্রাম), সিদ্দিক আলম দয়াল (মাছরাঙা টিভি), সাহাবুল শাহীন তোতা (প্রথম আলো), আসাদুজ্জামান মামুন (চ্যানেল টোয়েন্টিফোর), রিকতু প্রসাদ (ডিবিসি নিউজ), বিপ্লব ইসলাম (সময় টিভি), সাইফুল ইসলাম মিলন (বাংলাদেশ প্রতিদিন), মাসুম লুমেন (সমকাল) প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা নেতা শরিফুল ইসলাম আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কেটে পোর্টালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Reporter Name 













