
গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া এলাকায় শুক্রবার দুপুরে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনা জানাজানি হওয়ার পর ওইদিন রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ধর্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম আব্দুল মোমিন (৪২)। পেশায় হোটেল শ্রমিক। তিনি ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে।
পুলিশ ও নির্যাতিতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নির্যাতনের শিকার ছাত্রীর মা জরিনা বেগম জুম্মার নামাজ আদায়ের উদ্দেশে মসজিদে যায়। সে সময় স্বামী রঞ্জু মিয়া বাড়ির পার্শ্ববর্তী বাজারে দর্জির দোকানে কাজে ব্যস্ত ছিল। এই সুযোগে প্রতিবেশী আব্দুল মোমিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ফাঁকা বাড়িতে এসে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
বাড়ীতে ফিরে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বললে বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক আব্দুল মোমিনকে আটক করে পুলিশে দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 






















