
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি এবং প্রি-প্রেইড মিটার বাতিল, গ্রাহক হয়রানী বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধসহ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো-১ ডিভিশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনাউর রহমান অনুমিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির অর্থ সম্পাদক আহমাদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সহ-সম্পাদক আব্দুল হালিম, জেলা সেচ পাম্প মালিক সমিতির সদস্য আবুল কালাম, মাহাবুর রহমান, সাইফুল ইসলাম, ঋষি কেষ, ফুলমিয়া, হাসানুর রহমান, আজাদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এ দেশে বিদ্যুৎ উৎপাদন ও বিপণনের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বা কোম্পানী কাজ করছে, তারা মূলত এ দেশের মানুষের রক্ত শোষণ করছে। জনগণের পকেট কাটা প্রি–পেইড মিটার এখন জনগণের গলারকাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি গ্রাহককে এই মিটারের জন্য প্রতিমাসে অতিরিক্ত ২৫০ টাকা বেশি করে বিল গুণতে হচ্ছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া মিলে প্রতি বৎসরে এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে নেয়া হচ্ছে। এই টাকা রাষ্ট্রের কোনো কাজে না এসে বরং চুরি হচ্ছে। এইভাবে লুট হতে দেয়া যায় না, এই ব্যবস্থাকে প্রতিহত করতে হবে। তাই জরুরী ভিত্তিতে প্রি–পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুনঃস্থাপন, ভুতুড়ে বিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Reporter Name 


















