
প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিধবা নারীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আজ সকোলে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা ডিগ্রি কলেজের সামনের সড়কে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মেলেকা বেগম, কালাম খন্দকার এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মান্নান সরকার।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে পূর্ব বেলকা গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মেলেকা বেগম (৫২)। তিনি ওই গ্রামের মৃত আমান উদ্দীনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেলেকা বেগম অভিযোগ করেন, একদল প্রভাবশালী ব্যক্তি অন্যায়ভাবে তাঁর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক লুটপাট করেছে। এমনকি তারা তাঁর পৈতৃক ও বসতভিটার জমি দখলেরও চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান।

Reporter Name 















