
ডেস্ক রিপোর্ট:
গাইবান্ধায় ‘রক্ষাগোলা নেতৃত্বের জন-সম্পৃক্ততা, নেটওয়ার্কিং ও এডভোকেসির কৌশল’ বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকালে গাইবান্ধা সদরের নশরতপুরস্থ গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং জার্মানির ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’-এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন পর্যায়ের রক্ষাগোলা সংগঠনের ২০ জন আদিবাসী ও প্রান্তিক নেতৃত্ব অংশ নেন।
সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরীর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী কিশোর কুমার সরকার, অর্থ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. মিজানুর রহমান এবং সিসিবিভিও’র সহকারী কর্মসূচি সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রক্ষাগোলা সংগঠনের ধারণা ও সমাজ বিনির্মাণে এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী মিজানুর রহমান আগামী দিনে রক্ষাগোলা সংগঠনের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে নতুন নতুন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের গভীর প্রত্যাশা ব্যক্ত করেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে রক্ষাগোলা সংগঠন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব-কর্তব্য, মানবাধিকার ও আদিবাসী অধিকার, প্রচলিত প্রয়োজনীয় আইন, নীতিমালা, আন্তঃরক্ষাগোলা যোগাযোগের গুরুত্ব, সেবামূলক ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলী এবং ইস্যুভিত্তিক জনসমাবেশ ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পরিকল্পনা তৈরীর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করছেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। এতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কর্মসূচি সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা ও পৌল টুডু।

Reporter Name 










