
গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন এবং পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কায়েস।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাগদা বাজার এলাকায় অভিযানে যায় পুলিশ। তাদের লক্ষ্য ছিল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করা।
পুলিশ তার বাড়িতে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে ফেলে এবং ব্যাপক মারধর করে। এ সময় হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় এসআই সেলিম রেজা ও এসআই কায়েস গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Reporter Name 












