
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, লাইসেন্স না থাকা এবং ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা প্রদানের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আদালত পরিচালনাকালে ডুগডুগি হাটের এসএ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখারত অবস্থায় ভুয়া ডাক্তার কামাল হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া লাইসেন্স না থাকায় ওসমানপুরের আদর্শ ক্লিনিক ও রানীগঞ্জের ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা করে এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন সহায়তা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী এবং সার্বিক নিরাপত্তায় ছিল ঘোড়াঘাট থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Reporter Name 























