
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারের মো. মুকুল মিয়ার মোবাইলের দোকান ঘর থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে গাইবান্ধা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডুর সার্বিক ব্যবস্থাপনায় কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাইবান্ধা সদরের হকার্স মার্কেট হতে দুই চোরকে গ্রেপ্তার করে। সেই সাথে চুরি করে নিয়ে যাওয়া আটটি স্মাটফোন ও নয়টি বাটন ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতবরা হলেন গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস ও মধ্য ফলিয়া পুলবন্দি গ্রামের মোঃ সুজন মাহামুদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জুলিয়াস রহমান বলেন, গত ২৪ আগষ্ট দিবাগত রাতে মুকুলের চোকানঘর চুরি হয়। এ নিয়ে থানায় মামলা হয়।
মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে আসামি গ্রেপ্তারসহ চুরি করা মালামাল উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Reporter Name 


















