
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তিনি আনতালিয়ায় পৌঁছান।
প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অভিযোজন অর্থায়ন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি এবং জলবায়ুসহিষ্ণু টেকসই উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।
আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া কপ-৩১ চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Reporter Name 
















