
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়নে রাসিক প্রশাসনের উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। এই দুই প্রকল্প বাস্তবায়নসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি জানান, আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। এছাড়া পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে।
চিড়িয়াখানার আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সম্মতি পাওয়া গেছে।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই চিড়িয়াখানার আধুনিকায়ন ও নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা পাওয়া যাচ্ছে। তিনি রাজশাহীকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরে বৃষ্টি উপেক্ষা করে তালাইমারি এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

Reporter Name 


















